ইংরেজি নববর্ষ উদযাপনে ভবনের ছাদে আতশবাজি বা পটকা ফুটানো হলে ওই ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এ ছাড়া চট্টগ্রামের সমুদ্রসৈকতে সন্ধ্যার পর অবস্থান না করাসহ ১৬টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বুধবার দুপুরে নগরীর দামপাড়ায় পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে নগরীর বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে কোনো ধরনের উৎসব আয়োজন করা যাবে না। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে পালন করতে হবে।
সিএমপি কমিশনার নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান এবং যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা ও দুর্ঘটনার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষের ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩২৫, ০৩১-৬৩০৩৭৫, ০৩২০০৫৭৯৯৮ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করেছেন।