রংপুরে চার বছরের শিশু মাইশা আক্তারকে হত্যার অভিযোগে পিবিআই পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে নগরীর কেরানী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সরকার পাড়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি এক দিন আগে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় শিশুটির বাবা মনোয়ার হোসেন মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।
পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, শিশুটির বাবা মামলা করার পর বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে কেরানী পাড়া থেকে শহিদুল ইসলাম ছুট্টু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার যুবক চিপস দেওয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে পূর্বের কোনো জের ধরে হত্যার পর শিশুটিকে ডোবায় ফেলে দেওয়া হয়।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, শিশুটির বাবা অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। শিশু হত্যায় জড়িত যুবককে পিবিআই গ্রেপ্তার করেছে।