ইআরএফের ভার্চুয়াল সেমিনারে বাণিজ্যমন্ত্রী

দীর্ঘমেয়াদি সুবিধা পেতেই বাণিজ্যচুক্তি করা হচ্ছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দীর্ঘমেয়াদি বাণিজ্য সুবিধা পেতেই সরকার পিটিএ বা এফটিএ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যে শুল্ক আয় হ্রাসের সম্ভাবনা থাকলেও দীর্ঘ মেয়াদে আমরা সুফল পাব। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে হলে দক্ষতার সঙ্গে বাণিজ্য করতে হবে। বাংলাদেশ আজ বিশ্ববাণিজ্যে দক্ষতা অর্জন করেছে। বিভিন্ন ধরনের প্রতিকূলতা মোকাবিলা করেই সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল রিসার্চ পলিসি ইনট্রিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং ফ্রাইডরিচ এবার্ট স্টুফ্টুং-এর সহযোগিতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ভূ-অর্থনীতি ও বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এখন বাণিজ্য কূটনীতি চলছে, আমাদেরও এ সুবিধা নিতে হবে। কূটনীতিকদের দেশের রপ্তানি বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে বাংলাদেশও কাজটি শুরু করেছে। এতে করে বাংলাদেশ দ্রুত রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে পারবে। টিপু মুনশি বলেন, এশিয়া এখন বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোক্তা বিবেচনায় এশিয়াকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এশিয়ার মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখন মানসম্পন্ন পণ্য কিনতে চায়। ফলে এশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার হতে পারে। এশিয়ার বাজার ধরে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। রপ্তানিকারকরাও এখন এশিয়ার বাজারগুলোকে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে এশিয়াই হবে বড় বাজার।

টিপু মুনশি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্যযুদ্ধ এবং কভিড-১৯ বিশ^বাণিজ্যে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশ সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে বিশে^র মন্দা অর্থনীতির মাঝেও আমরা ভালোভাবেই টিকে আছি। বাংলাদেশ রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আশা করা যায় কভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাবে।

ওয়েবিনারে অংশ নিয়ে বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন বলেন, বিশ্ববাজারে হালাল পণ্যের চাহিদা আছে। দিন দিন চাহিদার আলোকে এসব বাজার আরও প্রসারিত হচ্ছে। বিশ্বের হালাল পণ্যের এসব বাজার দখলের সুযোগ আছে। পর্যাপ্ত হালাল পণ্য ও দক্ষ জনবল আমাদের আছে। এটা নিয়ে কাজ করলে হালাল পণ্যের বিশ্ববাজারে বড় অবদান রাখতে পারব। অনেক  দেশ হালাল সার্টিফিকেশন অথরিটি গঠন করে কাজ করছে। সেখানে আমাদের সুযোগ আরও  বেশি রয়েছে। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা সফল হব। ইআরএফ প্রেসিডেন্ট শারমিন রিনভির সভাপতিত্বে সেমিনারে অংশ নেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক  সচিব এম হুমায়ুন কবীর, এমসিসিআই-এর প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।