৯ বছর পর প্রত্যাহার হলো পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বুধবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
এমন এক সময়ে এসইসি এ নিষেধাজ্ঞা তুলে নিল, যখন পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা যাচ্ছে। ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। এর আগে ২০১০ সালে পুঁজিবাজারে ধস নামলে ২০১১ সালের ফেব্রুয়ারিতে এসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজের শাখা খোলার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সম্প্রতি এসইসি দেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিদেশেও ব্রোকারেজ হাউজের ডিজিটাল বুথ খোলার নীতিমালা চালু করে। এরপরই ব্রোকারেজ হাউজের শাখা খোলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।