টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে ট্রাকের সঙ্গে বাসাবাড়ীর মালামালবাহী পিকআপের সংঘর্ষে পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপের হেলপার। বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসাবাড়ীর মালামালবাহী একটি পিকআপ এলেঙ্গা সেমকো সিএনজি পাম্পের কাছে আসলে সামনে থাকা অজ্ঞাত এক ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ এক যাত্রী মারা যান। এ ঘটনায় পিকআপের হেলপার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার গড়পাড়া এলাকার কদ্দুছ মিয়ার ছেলে পিকআপরে চালক শহিদুল ইসলাম (২২) ও বগুড়া  ধুপচাপিয়া উপজেলার মথুরাপুর এলাকার এনামুল হকের ছেলে বায়েজিদ বুস্তামি (২০)।

আহত পিকআপের হেলপারের নাম মনিরুল ইসলাম। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান হাইওয়ে পুলিশ ফাঁড়ির এই ওসি।