শিশু ধর্ষণের অভিযোগে রিকশা চালক গ্রেপ্তার

সাভারে চকলেট কিনে দেওয়ার কথা বলে আট বছরের শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে শাজাহান মিয়া (৫৫) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

গ্রেপ্তার শাজাহান ভোলার দৌলাতখান উপজেলার মৃত আবদুল হাশিমের ছেলে। তিনি সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা মহল্লায় ভাড়া থেকে রনি মার্কেট এলাকার দুলালের গ্যারেজের রিকশা চালাতেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা-মা পৌর এলাকার আইচানোয়াদ্দা মহল্লায় থেকে গার্মেন্টসে চাকরি করেন। গত মঙ্গলবার বিকেলে তারা বাসায় না থাকায় প্রতিবেশী ভাড়াটিয়া রিকশাচালক শাজাহান মেয়েটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন। ওই রাতে বাবা-মা বাসায় ফিরলে শিশুটি তাদের বিষয়টি জানায়। এ ঘটনায় বুধবার সকালে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আইচানোয়াদ্দা মহল্লার রনি মার্কেট এলাকার দুলালের গ্যারেজ থেকে শাজাহানকে গ্রেপ্তার করে।

পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার রিকশাচালক শাজাহানের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।