ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে হাফেজ মো. ইয়াহিয়া (২২) ও মো. হুজাইফা সাদ (২০) নামে দুই তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য বলে গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প কর্তৃপক্ষ।
এর আগে গতকাল ভোররাতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর থেকে তাদের আটক করা হয় বলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আটক ইয়াহিয়া শাহবাজপুর এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে ও হুজাইফা একই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহবাজপুরের দিঘির উত্তরপাড়া এলাকা থেকে ইয়াহিয়া ও হুজাইফাকে আটক করেন র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, দুটি উগ্রবাদী বইয়ের ফটোকপি, চারটি লিফলেট, দুটি মুঠোফোন ও মুঠোফোনের ক্ষুদে বার্তার ফটোকপির তিন পাতা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক দুজন জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে জঙ্গি সংগঠন আল-কায়েদার সমর্থক হয়ে ওঠার কথা র্যাবকে জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই তরুণ জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরাইল উপজেলার বিভিন্ন স্থানে আল-কায়েদার সদস্য সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি উগ্রবাদী বই ও লিফলেট এবং মুঠোফোনের মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছিল। তারা ঘটনাস্থলে অবস্থান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় নাশকতা এবং হামলা করার জন্য পরিকল্পনার উদ্দেশ্যে অবস্থান করছিল।
র্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, আমরা দীর্ঘ পাঁচ মাস ধরে তাদের পর্যবেক্ষণ করছিলাম। গত রাতে তারা স্থানীয় একটি মসজিদে গোপন বৈঠক করে। তাদের কাছ থেকে জব্দ করা বইগুলো জঙ্গি সংগঠন আল-কায়েদার। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করা হয়েছে।