সারা দেশে নতুন বই বিতরণ শুরু

সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। বৈশ্বিক করোনা মহামারী বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। চলতি বছর উৎসব করে এই কার্যক্রম শুরু করা না হলেও নতুন বই হাতে পেয়ে অনেক খুশি শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন বই পৌঁছে দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে বই বিতরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

রাঙ্গামাটি : করোনা প্রাদুর্ভাবের কারণে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বড় কোনো আয়োজন ছাড়াই অনুষ্ঠিত হলো বই উৎসব। গতকাল সকালে জেলার বিভিন্ন বিদ্যালয়ে সীমিত পরিসরে শিক্ষার্থী উপস্থিতিতে আয়োজন করা হয় বই উৎসবের। জানা যায়, এ বছর জেলার প্রায় ১ লাখ ৭৩ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৩ লাখ ৫৬ হাজার বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর ২৭ হাজার ৫৯১ শিক্ষার্থীর মধ্যে নিজস্ব ভাষায় ৬২ হাজার ৩৯১টি বই বিতরণ করা হচ্ছে। অপরদিকে প্রাথমিকে সাধারণ ৯৬ হাজার ১২৫ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হচ্ছে ৩ লাখ ৯৪ হাজার ২২০টি বই।

বরিশাল : করোনা মহামারী বিবেচনায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্র্তৃপক্ষ। বই উৎসব অনুষ্ঠিত না হলেও সীমিত পরিসরে বই বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে নগরীর সব বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন জেলা প্রশাসক।

ফরিদপুর : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল ফরিদপুরে ‘বই উৎসব-২০২১’ এর উদ্বোধন হয়েছে। এদিন সকাল ১০টার দিকে ধুলদী ডব্লিউ এইচ কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, আলী আসগর মানিক, স্টেফেন হক, সোহেল ইসলাম প্রমুখ।

গোপালগঞ্জ : বছরের প্রথম দিনে গোপালগঞ্জে খুদে শিক্ষার্থীদের অভিভাবক এবং হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে একযোগে জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়ে ও ২৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে এ বই বিতরণ শুরু হয়। জানা যায়, এ বছর জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৭ লাখ ৫১ হাজার ৪৫টি এবং ২৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার জন্য ১৯ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে।

দিনাজপুর : ‘শিক্ষাবর্ষের প্রথম দিনে, শিক্ষার্থীরা জনে জনে বই নিবে খুশি মনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরেও নতুন বই বিতরণ শুরু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন।

টাঙ্গাইল : মির্জাপুরে সীমিত আকারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।

নড়াইল : নড়াইলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষকগণ, সীমিত আকারে শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। 

পঞ্চগড় : স্বাস্থ্যবিধি মেনে পঞ্চগড়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবর্ষের প্রথম দিনেই গতকাল পঞ্চগড় জেলার বিদ্যালয়গুলোতে বই উৎসবের আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৭৭ হাজার ৯০০ শিক্ষার্থীর হাতে ৭ লাখ ১৫ হাজার ৭৭৫টি নতুন বই তুলে দেওয়া হয়।

সিরাজগঞ্জ : আনন্দঘন পরিবেশে ও ঘরোয়াভাবে গতকাল সকালে শাহজাদপুরের ৩৬০টি প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ের ৬৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ২০ হাজার নতুন বই বিতরণ করা হয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২২৪টি, কেজি স্কুল ১১১টি ও এনজিও কেন্দ্র ৩৫টি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

নেত্রকোনা : জেলার প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল ও কারিগরি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। গতকাল সকালে স্বাস্থ্যবিধি মেনে নেত্রকোনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুরসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।