ফেনীতে মদ ও ফেনসিডিলসহ পল্লি চিকিৎসক আটক

ফেনীতে একটি আবাসিক ভবন থেকে বিপুল পরিমাণ মাদকসহ জিয়াউর রহমান রিংকু (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুলিশ কোয়ার্টার শিউলি ভবন থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটক রিংকু ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারের মা মেডিকেলের স্বত্বাধিকারী।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শিউলি গার্ডেনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ভবনের ৬ষ্ঠতলার ২৫নং ইউনিট থেকে ৮৬ বোতল বিদেশি মদ ও ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মো. জিয়াউর রহমান রিংকু নামে এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

ওই ভবনের বাসিন্দারা জানান, জিয়াউর রহমান রিংকু গত দুই দিন আগে ভাড়াটিয়া হিসেবে ওই বাসা ভাড়া নেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক রিংকু ফার্মেসি ব্যবসার আড়াতে দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টি স্বীকার করেন।

তবে মোহাম্মদ আলী বাজার পরিচালনা কমিটির এক সদস্য জানান, দীর্ঘদিন রিংকু মা মেডিকেল নামের একটি ফার্মেসি চালিয়ে আসছেন। ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক ব্যবসার বিষয়ে তারা জানেন না।

পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।