ডিআরইউতে শ ম রেজাউল

মূল রাজনীতির মানুষদের সুপ্রতিষ্ঠা দরকার

রাজনীতিতে মূল রাজনীতির মানুষদের সুপ্রতিষ্ঠা করা দরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, মূল রাজনীতিকরাই রাজনীতিকে প্রতিষ্ঠিত করে। রাজনীতি সুপ্রতিষ্ঠিত হলে আমাদের ভিত্তি সুদৃঢ় হবে। গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ সংগঠন আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের রাজনৈতিক জীবন স্মরণ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ করতে হলে শেখ হাসিনাকে মানতে হবে, মূল আওয়ামী লীগকে মানতে হবে। রাজনীতির কঠিন অবস্থায়ও আ খ ম জাহাঙ্গীর হোসাইন বঙ্গবন্ধুর আদর্শ ও মূল আওয়ামী লীগের চেতনার বাইরে যাননি। এ জাতীয় মানুষরা বিভিন্নভাবে হারিয়ে যাচ্ছেন।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে না এলে আজকের আওয়ামী লীগ, আজকের সরকারি ব্যবস্থাপনা ও উন্নয়ন হতো না উল্লেখ করে তিনি আরও বলেন ‘অনেক প্রতিকূলতা মোকাবিলা করেও শেখ হাসিনা অবিচল অবস্থানে ছিলেন। এ কারণে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে। মূল আওয়ামী লীগ ফিরে এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। আমাদের সম্পদ শেখ হাসিনা। আশা-ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি শেখ হাসিনা। তাকে অনুসরণকারীদের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হবে। সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য দৃঢ়তার সঙ্গে চলতে হবে।’

‘জনতার প্রত্যাশা’র সভাপতি এম এ করিমের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি প্রমুখ।