ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের বিরুদ্ধে শিক্ষককে প্রাণনাশের হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। গতকাল শনিবার দুপ্রু ২টার দিকে ভুক্তভোগী আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
এ সময় তিনি বলেন, ‘কোনো শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশনা অনুযায়ী আমি উভয়ের সঙ্গেই কথা বলছি। এ ধরনের ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে, সে জন্য আমরা উভয়ের মাঝে সহাবস্থানের জন্য সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শীতকালীন ছুটি থাকার কারণে উপাচার্য স্যার ক্যাম্পাসের বাইরে তাই এখনই কোনো সমাধান দেওয়া যাচ্ছে না।’
জানা যায়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মেঘনা ভবনের সামনে পূর্বশত্রুতার জেরে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেন।