ফেব্রুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্টকার্ড : কাদের

ফেব্রুয়ারি মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্টকার্ড দেওয়ার কাজ শুরুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘লাইসেন্সের স্মার্টকার্ডের জন্য আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষা শেষ হতে চলেছে।’

গতকাল শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। কাদের বলেন, ‘আমি জানি অসংখ্য আবেদন অপেক্ষমাণ রয়েছে। লাইসেন্স কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনে জনবল বাড়িয়ে এবং বন্ধের দিন কাজ করে ব্যাকলগ ক্লিয়ারের (জমে থাকা লাইসেন্সের কাজ) নির্দেশনা দিচ্ছি বিআরটিএকে।’

বিআরটিএতে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কারও কারও দালালদের সঙ্গে যোগসাজশ আছে, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সড়কে তিন চাকার মোটরযান বন্ধ করতে হবে। এসব কারখানাও বন্ধ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

বিএনপির নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণঅভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলন প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর। জনগণ এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে।’ আওয়ামী লীগের নতুন বছরে রাজনীতি কেমন হবে- জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অধিকতর সুগঠিত ও একটি স্মার্ট  দল গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরও মজবুত করা হবে বলেও জানান তিনি। বিআরটিএর কর্মকর্তারা ছাড়াও এতে যুক্ত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।