বাগেরহাটের মোংলায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার একটি তোরণে বঙ্গবন্ধুর ছবিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তোরণের বাঁ-পাশে সাঁটানো বঙ্গবন্ধুর ছবির মাঝখান থেকে পুড়ে গেছে। গত শুক্রবার রাতের কোনো একসময় পৌর শহরের ১ নম্বর জেটি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বঙ্গবন্ধুর ছবি পোড়ানোর খবর পেয়ে গতকাল শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। আওয়ামী লীগ প্রার্থী শেখ আবদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর ছবিতে আগুন দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যাই। মুজিববর্ষ উপলক্ষে ওই তোরণ নির্মাণ করা হয়েছিল। সেখানে আগে থেকে বঙ্গবন্ধুর ছবি ছিল। যেভাবে আগুনে ছবি পুড়েছে, তাতে মনে হচ্ছে গ্যাসলাইট দিয়ে বঙ্গবন্ধুর ছবিটির মধ্য দিয়ে আগুনটা দেওয়া হয়েছে।’
জাতির জনকের ছবির অবমাননায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আবদুর রহমান। এ বিষয়ে মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। তবে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় শাহজাহান সিদ্দিকী নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করেছেন।