করোনার ক্ষতি সামলে উঠতে সরকার ঘোষিত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাওয়ার সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। গতকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, কিছু ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান আলোচ্য প্যাকেজের আওতায় তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হলেও কিছু কিছু ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান তা অর্জন করতে পারেনি।
আলোচ্য প্যাকেজের আওতায় সব ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অর্জন নিশ্চিত করতে উক্ত প্যাকেজের আওতায় ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা মার্চ ৩১, ২০২১ তারিখ পুনর্নির্ধারণ করা হলো।’
যেসব ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাদের লক্ষ্যমাত্রার অবিতরণকৃত অংশ ৩১ মার্চের মধ্যে বিতরণ নিশ্চিত করতে একটি ‘মাসভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা’ প্রণয়ন করে তা ১৭ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে বলা হয়েছে সার্কুলারে। এছাড়া এ বিষয়ে আগে জারি করা সার্কুলারগুলোর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।