ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের নিজ বাসা থেকে ফাবিহা সুহা নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই গ্রামের শেখ সেলিমের মেয়ে সুহা বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, গত শুক্রবার বাবা ও মায়ের সঙ্গে মনোমালিন্য হয় সুহার। এরই জের ধরে শনিবার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় সে গলায় ফাঁস দেয়। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল থেকে সুহার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সংবাদটি জানার পর দুই শিক্ষক ঘটনাস্থলে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সুহা আত্মহত্যা করেছে।’