সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ

বাংলাদেশ পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘পুলিশকে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর নবাগতরা উন্নয়নের ধারা আরও বেগবান এবং টেকসই করবে।’

গতকাল রবিবার বেলা ১১টায় রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গি, উপকূলীয় জলদস্যু মোকাবিলা, মাদকের বিরুদ্ধে অভিযানসহ শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। জনগণের প্রত্যাশা পূরণ ও আস্থা অর্জনে পুলিশকে আরও জনবান্ধব এবং কার্যকর বাহিনীতে পরিণত করতে সরকার সচেষ্ট থাকবে।’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে দেশ। পরিবর্তিত আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। বাংলাদেশ পুলিশ সফলভাবে বিশ্বায়ন ও শিল্পায়নের এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে।’

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তোমরা পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরবে। তোমাদের হয়ে উঠতে হবে নিপীড়িত মানুষের আশ্রয়স্থল।’

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণকালে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার বিতরণ করেন। ‘বেস্ট প্রবেশনার’ পুরস্কার পান সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস।