কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত, আকবর আলী মাওলানা মারা গেছেন।
রোববার রাতে কাশিমপুর কারাগারে তিনি মারা গেছেন যান কলে নিশ্চিত করেছেন, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রুহুল আমিন পিপিএম।
এদিকে তার বড় ছেলে রফিকুল ইসলাম জানান, কাশিমপুর কারাগার থেকে গতকাল রাতে মোবাইল ফোনে তার বাবার মৃত্যু সংবাদ তাকে জানানো হয়। বাবার মরদেহ আনার জন্য তারা কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর রমজান মাসে, জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি, রামখানা, নীলকন্ঠসহ আশপাশের গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার-আলবদর ও স্থানীয় দালালেরা মিলে প্রায় সাড়ে ৭ শত নিরীহ ঘুমন্ত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। এ সময় ওই গ্রামগুলো জ্বালিয়ে দেয়।
সহকারী পুলিশ সুপার রুহুল আমিন পিপিএম’র নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্তকারী দল বহুল আলোচিত হাতিয়া গণহত্যাসহ, মুক্তিযুদ্ধকালীন সময়ে এ এলাকার সকল নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেন। এ হত্যাকাণ্ডে ১৬ টি যুদ্ধাপরাধ সংগঠিত হয় উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত বছরের ৭ মার্চ রাতে, উলিপুর থানার পুলিশ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আকবর আলী মওলানাসহ ১২ জন অভিযুক্ত রাজাকার-দালাল যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেন।