গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বিচিত্রা চক্রবর্তি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাটে এ দূর্ঘটনা ঘটে। নিহত বিচিত্রা চক্রবর্তি মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের বশিষ্ঠ চক্রবন্তির মেয়ে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, বিকালে দাসেরহাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল শিশু বিচিত্রা। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে বিচিত্রা মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে, পরিবারের আবেদন এর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ব্যারিকেড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওই স্থানে এক ঘন্টা অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়লে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। ঘাতক বাসটিকে আটক করেতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।