দুই মাস ধরে প্রকাশ্যে আসছেন না চীনের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। একটি টিভি শো-তে দুই মাস ধরে অনুপস্থিত থাকার পর এর চূড়ান্ত পর্বেও বিচারকের আসনে তাকে দেখতে না পাওয়ায় গুঞ্জন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে, জ্যাক মা নিখোঁজ হয়েছেন।
সোশ্যাল মিডিয়ার জল্পনা আরও জোরালো হয়েছে জ্যাক মা’র ব্যবসায়িক সাম্রাজ্যের বিরুদ্ধে চীনা নিয়ন্ত্রক সংস্থার নেওয়া পদক্ষেপে। ২০২০ সালের অক্টোবরের শেষদিকে সাংহাইয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে জ্যাক মা-কে দেখা গিয়েছিল। এটাই শেষ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। সাংহাইর ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণে চীনা নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন জ্যাক মা। দৃশ্যত ওই ঘটনায় ক্ষুব্ধ হয় পেইচিং। স্থগিত করে দেওয়া হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নভেম্বরে ‘আফ্রিকাজ বিজনেস হিরোজ’ নামে পরিচিত উদ্যোক্তাদের গেম শো-টির চূড়ান্ত পর্বের বিচারকের আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। গত সোমবার আলিবাবার একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, সময় মেলাতে না পারায় জ্যাক মা ওই টিভি শো-টির চূড়ান্ত পর্বে উপস্থিত থাকতে পারেননি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
দুই মাস তার প্রকাশ্যে না আসার বিষয়টি নিয়ে এক পর্যায়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে আলাপ শুরু হয়। অনেক ব্যবহারকারীই টুইট করে জানতে চান, জ্যাক মা কোথায় আছেন! তবে চীনে টুইটার নিষিদ্ধ। আর দেশটির নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এ নিয়ে তেমন কোনো আলোচনা দেখা যায়নি।