বউভাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ বরের চাচা নিহত

বরিশালের বাবুগঞ্জে বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা আজাহার মীর (৬৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও সাতজন আহত হন। আজাহার মীর ওই এলাকার মৌজে আলী মীরের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, দক্ষিণ রাফিয়াদী গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীর দুদিন আগে নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন বরযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে রুনাকে শ্বশুরবাড়ি রাফিয়াদী নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে কনেপক্ষের ৪৮ জন অতিথি আসেন। খাবারের একপর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের অতিথিদের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আঘাত পেয়ে বরের চাচা আজাহার মারা যান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনেপক্ষের ১২ জনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।