পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে।
এ সময় তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশ।তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অঙ্কিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা।
তিনি বলেন, জীবন মানে যুদ্ধ। যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই- সে জীবন, জীবন নয়। চলার পথে নানান বাধা আসবে, গতি হারাবে ঝড়ে কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য প্রাণশক্তি দিয়ে। তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা। সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন ব্লু-ইকোনমির।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি। একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। মাছে-ভাতে বাঙালির পরিচয় আবার বিশ্বমাঝে তুলে ধরেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে। তিনি বলেন, আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে।
এসব অপরাধ থেকে দূরে থাকারও নির্দেশ দেন কাদের। তিনি বলেন, করোনা মহামারী বিশ্বকে থমকে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে। করোনার নতুন ধরনের সংক্রমণ এবং এর গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শিগগিরই একটি সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের চলমান যাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিরিটাস অধ্যাপক ডক্টর আবুল হাসান মো. সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর জাফর সাদেক।