সালিশের রায় পছন্দ না হওয়ায় মাতবরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সালিশি বৈঠক পছন্দ না হওয়ায় মাতবরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে রংপুর জেলার হারাগাছ পৌর এলাকার। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল হালিম (৫৫)।

বুধবার ভোরে রংপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ও এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল হালিমের বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় পাঠানো হয়। সালিস বৈঠকটি যেখানে বসেছিল, সেটি লালমনিরহাট সদর থানার অন্তর্ভুক্ত হওয়ায় সেখানেই মামলা হবে।

মঙ্গলবার রাতে তিস্তা নদীর চর টাংরির বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হারাগাছ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ জানান, রংপুরের হারাগাছ পৌর এলাকার টাংরির বাজারে ফজলুর রহমান ও চান মোহাম্মদের মধ্যে সালিস শেষ করে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাশের একটি হোটেলে চা খেতে বসেন আব্দুল হালিম। এ সময় ফজলুর রহমানের লোকজন সেখান থেকে তাকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এরপর একটি অটোরিকশায় করে তাকে হারাগাছের বাড়িতে পাঠিয়ে দেয় তারা। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা রংপুর মেডিকেলে নেয়ার পথেই মারা যান হালিম।

আব্দুল হালিম হারাগাছের একটি বিড়ি ফ্যাক্টরির মালিক। তামাক কেনাবেচার জের ধরে ফজলুর ও চাঁনের সঙ্গে তার পরিচয় ছিল। এর সূত্র ধরেই এ হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ব্যাপারে আবদুল হালিমের পরিবারের লোকজন জানান, মামলার প্রস্তুতি চলছে ।