ডেল্টা স্পিনার্সের পর্ষদ পুনর্গঠনের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশন থেকে এই চিঠি দেওয়া হয়েছে। বিএসইসির ওই চিঠিতে বলা হয়েছে, ডেল্টা স্পিনার্স ২০১৯ সালের ৮ জানুয়ারি ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। এরপরে ২ বছরেও কোম্পানিটির কোনো উন্নতি হয়নি। যে কোম্পানিটি ২০১৫ সালের পরে ৪ বছর নগদ লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। এছাড়া কোম্পানিটি সিকিউরিটিজ আইন পরিপালন করছে না। এই কোম্পানির উদ্যোক্তা/পরিচালকরা মাত্র ১৮ শতাংশ শেয়ার ধারণের মাধ্যমে বিএসইসির সর্বনিম্ন ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা ভঙ্গ করেছে। অথচ কোম্পানিটিতে ৬৭ শতাংশ শেয়ার ধারণ করেও সাধারণ শেয়ার হোল্ডাররা দীর্ঘ সময় ধরে নগদ লভ্যাংশ পাচ্ছেন না। যা বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকারক ও কমিশনের কাছে অপ্রত্যাশিত। এই পরিস্থিতিতে ডেল্টা স্পিনার্স কর্তৃপক্ষকে গত ১ সেপ্টেম্বর ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির পর্ষদ পুনর্গঠন নিয়ে বিএসইসির জারি করা নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে। অন্যথায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে চিঠিতে জানানো হয়েছে।