বোয়ালমারী পৌর নির্বাচন

মেয়র প্রার্থী লিটনকে কৃষক লীগ থেকে বহিষ্কারের সুপারিশ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটনকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম জানান, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় পান সেলিম রেজা লিপন মিয়া। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন মৃধা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। এ কারণে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে মনিরুজ্জামান মৃধা লিটনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে গত ৫ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।