শ্রীমঙ্গল ও রাজৈরে অগ্নিকান্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর এলাকার মেরি গোল্ড সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া অটোরিকশাগুলোর মালিক নুর মিয়া, জামাল মিয়া ও অনিক দেব। তাদের মধ্যে নুর মিয়া বলেন, দুপুরে ফিলিং স্টেশনে গ্যাস ভরার জন্য নজেল প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে নজেলটি ফেটে গিয়ে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। সিএনজিতে অবস্থান করা দুই যাত্রীকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হলেও এ সময় পাশের দুটিসহ আমার অটোরিকশাটি পুড়ে যায়।

অপরদিকে, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের রেজা এন্টারপ্রাইজ নামে একটি রঙের দোকান আগুন লেগে পুড়ে গেছে। এতে দোকানের সব মালামাল পুড়ে যায়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে তা নিয়ন্ত্রণে আনে। 

রাজৈর ফায়ার সার্ভিসের লিডার সালাউদ্দিন লস্কর জানান, কীভাবে আগুন লেগেছে তা অজ্ঞাত।