বেলকুচিতে বাবা-ছেলে হত্যা মামলার আসামি পিস্তলসহ আটক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ির চরের চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে (২৫) পুলিশ গত মঙ্গলবার রাতে রান্ধুনিবাড়ির চর এলাকা থেকে পিস্তল ও গুলিসহ আটক করেছে।

বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনূর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযানের সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

শাহিনূর আরও বলেন, আটক মনিরুল সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার হত্যা মামলার ৩ নম্বর আসামি। এ সময় তার কাছে থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তাকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ৮ ডিসেম্বর বেলকুচির রান্ধুনিবাড়ির চরের সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়।