বিদ্রোহীর পাল্টা শোডাউন আওয়ামী লীগ প্রার্থীর

পাবনা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর শোডাউনের এক দিন পর পাল্টা শোডাউন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির সমর্থক দলীয় নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের প্রধান সড়ক বন্ধ করে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্তের হাজারো কর্মী-সমর্থক উপস্থিত হন।

তবে পাবনা পৌরসভা নির্বাচনে জেলা আ.লীগের একটি বড় অংশ স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধানকে সমর্থন দেওয়ায় তারা এই সমাবেশে উপস্থিত হননি। সমাবেশের ব্যানারে জেলা আওয়ামী লীগের আয়োজনের কথা উল্লেখ থাকলেও এটি জেলা আ.লীগের কোনো সমাবেশ নয় বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক আবদুল আহাদ বাবু।

দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দ মিছিলসহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় শহরের প্রধান আবদুল হামিদ সড়কের পুরো এলাকা জনাকীর্ণ হয়ে পড়ে। আগত নেতাকর্মীরা এ সময় নৌকায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। 

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা ফাহিমুল কবির শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল মতীন খান, বৈরাম খান, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা পরিষদ সদস্য কানিজ ফাতেমা পুতুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, উপপ্রচার সম্পাদক হাজি শরীফ, জেলা যুবলীগের আহ্বায়ক নৌকার মনোনীত প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা পৌর মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনিকে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করেন। ৩০ জানুয়ারি পাবনা পৌরসভায় ভোট।