পাট নিয়ে সমন্বিত প্রকল্প হবে : কৃষিমন্ত্রী

পাটের বীজ উৎপাদন থেকে শুরু করে সোনালি আঁশ বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে একটি সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলে কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন।

সচিবালয়ে গতকাল উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে  রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে এক সভা শেষে এ কথা বলেন তিনি। সভায় বস্ত্র ও পাটমন্ত্রী  গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সমন্বিত কর্মসূচি নেওয়া হবে বলে কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ সভায় ঠিক হয়েছে। তিনি বলেন, শুধু পাট বীজ উৎপাদন করলেই হবে না, চাষির কাছে বিতরণ, কৃষকের উৎপাদিত পাট দেশি ও আন্তর্জাতিক বাজারে বিক্রির নিশ্চয়তা দেওয়াসহ ভ্যালু চেইনের প্রত্যেকটি জায়গা আমাদের অ্যাড্রেস করতে হবে। না হলে আমরা সফল হব না। কৃত্রিম তন্তু পরিবেশের ক্ষতি করছে জানান। বলেন, সে কারণেই পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমাদের দুই মন্ত্রণালয়কে পাটের জোগান দিতে হবে। পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, তিন বছরের মধ্যে বাংলাদেশ পাটের বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। অর্থের কোনো সমস্যা হবে না। বীজ করতে এত বেশি টাকার দরকার হয় না।