রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অস্ত্রোপচার করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।
ব্যারিস্টার মওদুদের সহকারী বলেন, ‘আলহামদুলিল্লাহ! স্যারের হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। বিকেল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্যারের জ্ঞান আছে। ডাক্তারদের সাথে তিনি কথাও বলেছেন। অস্ত্রোপচার শেষে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।’ হাসনা মওদুদ স্বামীর আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান সুজন।
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মাঝখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। তবে এখন ভালো আছেন।