যশোর জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির ইলেকট্রোকার্ডিওগ্রাফি (ইসিজি) করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি দালাল চক্রের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শুধু গতকালই নয়, হাসপাতালটির সার্জারি ওয়ার্ডে ইসিজি যন্ত্র না থাকার সুযোগ নিয়ে ওই দালাল চক্র প্রায়ই একই ধরনের ঘটনা ঘটায় বলেও তথ্য মিলেছে।
ভুক্তভোগী সাতক্ষীরা জেলা সদরের ঘোনা গ্রামের আমির হোসেন জানান, তিনি গতকাল ভোরে নছিমনে মাছ নিয়ে যশোর বড় বাজারে আসছিলেন। পথে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক মাছবোঝাই নছিমনে মুখোমুখি ধাক্কা দেয়। এতে নছিমনচালক ও তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নছিমনচালক তুফান আলী (২৬) মারা যান। মৃত্যুর পর তিন-চার দালাল এসে মৃত তুফানের মরদেহ ইসিজি করে ২০০ টাকা দাবি করে তার কাছে।
আমির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে মাছ নিয়ে আসছিলাম। মাছ রাস্তায় পড়ে আছে। ফেরত পাব কি না সংশয় রয়েছে। তারপর দুর্ঘটনার পর যে ওষুধ কিনতে হয়েছে সে টাকাও দেওয়া হয়নি। অথচ মৃত নছিমনচালক তুফানের লাশ ইসিজি করে আমার পকেটে থাকা সর্বশেষ ২০০ টাকাও হাতিয়ে নিয়েছে দালালরা।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মাহফুজা তামান্না ও কর্মরত নার্সরা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হওয়ায় তুফান আলী মারা যান সকাল ৮টা ৪৫ মিনিটে। এরপর কী হয়েছে তা তাদের জানা নেই।
তারা আরও জানান, তাদের কিছু করার নেই। স্থানীয় দেশ ক্লিনিকের লোকজন সবসময় হাসপাতালে খবরদারি করে। তারা ইসিজি করতে না বললেও দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমান ইসিজি করেছে। মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নেওয়া খুবই অন্যায়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আরএমও আরিফ আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, ‘হাসপাতালের করোনা ওয়ার্ড, করোনারি কেয়ার ইউনিট ও প্যাথলজি বিভাগে তিনটি ইসিজি মেশিন আছে। তবে সার্জারি ওয়ার্ডে ইসিজি মেশিন নেই। ইসিজির নামে লাশ নিয়ে অর্থবাণিজ্যের ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমানকে মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘ভাই টাকা ফেরত দিয়ে দিচ্ছি। বিষয়টি আর বেশিদূর নিয়েন না।’
যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের দাপটের বিষয়ে জানতে চাইলে জেলার সিভিল সার্জন শেখ আবু শাহিন বলেন, ‘জেনারেল হাসপাতাল পরিচালনার বিষয়ে আমাদের তেমন কিছু করার নেই। তবে অভিযুক্ত ক্লিনিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নসিমনচালক তুফান আলীর মৃত্যুর ঘটনায় নছিমনকে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।