করোনা টিকা নিয়ে সরকার ‘তেলেসমাতি খেলা’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেছেন, ‘জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী নিজে নিিদ্র নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন।’
গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজের (সিএনএস) উদ্যোগে ‘ফেলানী ও সীমান্ত’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একেবারে এমন এক বৃত্তের মধ্যে আছেন যেখানে করোনাভাইরাস তো দূরে থাক, মশা-মাছিও ঢুকতে পারবে না। এ ধরনের স্বার্থপরতা নিয়ে যারা দেশ শাসন করে তারা কখনই জনগণের বন্ধু হতে পারে না।’
সীমান্তে মানুষ হত্যার ঘটনার জন্য ‘নতজানু পররাষ্ট্রনীতি’কেই দায়ী করে সরকারের কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘আজকে ভোটারবিহীন, জনসমর্থনহীন, ম্যান্ডেটহীন, নিশিরাতের সরকার সে তার আত্মসমর্পণ করে দিয়েছে ভারতের কাছে। দিয়েছে বলেই যারা তাদের টিকিয়ে রেখেছে তাদেরই মোসাহেবি করছে, তাদের গোলামি করছে।’
সংগঠনের ট্রাস্টি ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা ব্যারিস্টার সারোয়ার হোসেন ও ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।