বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিটি গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে বলা হয়, সম্প্রতি অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে কোনো কোনো জেলায় জেলা জজ/ মহানগর দায়রা জজ/ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এজলাস সময়ে তাদের খাস কামরায় অধীন বিচারকসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে ওঠেন। এ ছাড়া কোনো কোনো বিচারক/ ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের পূর্বেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না।
এ অবস্থায় বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার কঠোর নির্দেশ প্রদান করা হলো। বিজ্ঞপ্তিতে প্রশাসনিক বা বিচারিক কোনো বিষয়ে অধীন বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার দরকার হলে নির্ধারিত কর্মঘণ্টার পর করতে বলা হয়েছে।