করোনাকালে বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা। এই সময়ে চলচ্চিত্র নির্মাণ ও মুক্তি দুই-ই কমেছে। এই দুঃসময়ে আশার আলো দেখাচ্ছেন কয়েকজন তরুণ নির্মাতা। তারা এই করোনাকালেও নতুন নতুন সিনেমা নির্মাণের কাজ করে যাচ্ছেন। নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। এমন পাঁচজন নির্মাতার নতুন বছরের পরিকল্পনা নিয়ে লিখেছেন মাসিদ রণ
মোস্তাফিজুর রহমান মানিক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক দীর্ঘদিন ধরে রোমান্টিক ও সামাজিক ড্রামাভিত্তিক সিনেমা নির্মাণ করছেন। এই করোনাকালেও তিনি একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত। তার পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ও ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা দুটির কাজ শেষ। এ বছরই দর্শকের সামনে নিয়ে আসবেন বলে জানালেন তিনি। করোনাকালে শ্যুটিং করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’-এর। মাহি আর রোশানকে নিয়ে নির্মিত এই সিনেমার প্রথম লটের কাজ শেষ করে মন্ত্রণালয়ে পাঠিয়ে অনুদানের বাকি টাকাও পেয়েছেন। তাই শিগগিরই এ সিনেমার বাকি অংশের শ্যুটিং শেষ করবেন। এরপর ধরবেন একদম নতুন সিনেমা ‘যাও পাখি বল তারে’র কাজ। এতে অভিনয় করবেন মাহি ও আজাদ আদর চৌধুরী।
দীপংকর দীপন
দীপংকর দীপন করোনাকালেই শেষ করেছেন তার ‘অপারেশন সুন্দরবন’ ছবির বাকি শ্যুটিং। ‘ঢাকা ২০৪০’ ছবির বাকি অংশের শ্যুটিং শুরু হবে শিগগিরই। দুটি ছবিই এ বছর দর্শকের সামনে নিয়ে আসবেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সিনেমা হলেই মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’। তবে ‘ঢাকা ২০৪০’ ওটিটিতে মুক্তি পেতে পারে। এত বড় বাজেটের দেশীয় সিনেমা ওটিটিতে দেওয়া কতটা লাভজনক জানতে চাইলে তিনি বলেন, ‘ওটিটির ব্যবসা অনেকেই বোঝে না। সিনেমা হলে কোন সিনেমা হিট আর কোনটি ফ্লপ তা আমরা তিন মাসের মধ্যেই জানতে পারি। কিন্তু ওটিটিতে সিনেমার একচুয়াল ফলাফল জানতে অপেক্ষা করতে হয় কয়েক বছর। কারণ ওটিটিতে দর্শক নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিনেমা দেখেন না। তা ছাড়া একটি ওটিটি চাইলে সিনেমাটি অন্য ওটিটিতেও বিক্রি করতে পারে। আশা করি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো বিষয়টি বুঝতে পারছেন। তাই তারাও সঠিক মূল্য দিয়েই আমাদের সিনেমা কিনবেন। এর বাইরে ভারতীয় প্ল্যটাফর্মও আমাদের কনটেন্ট নিয়ে আগ্রহী হচ্ছে দিন দিন।’
চলতি মাসের শেষ ও মার্চের মধ্যভাগে আরও দুটি নতুন সিনেমার কাজ শুরু করবেন দীপন।
সৈকত নাসির
পরিচালক সৈকত নাসিরের হাতে তিনটি নতুন ছবির কাজ। গত বছর ‘ক্যাসিনো’ ও ‘বর্ডার’ নামে দুটি ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। আগেই শুরু করেছিলেন ‘এ জার্নি উইথ ইউ’, যার কিছু শ্যুটিং এখনো বাকি। চলতি মাসের শেষে ‘মাসুদ রানা’ ও মার্চ মাসে ‘ক্যাশ’ নামে নতুন দুটি সিনেমার শ্যুটিং শুরু করবেন। তিনি বলেন, ‘আমাদের কাজগুলো শুধু সিনেমা হলের জন্য নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেরও উপযোগী। ক্যাসিনো সিনেমা হলে মুক্তি দিতে চাই। তবে বর্ডার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তির কথা চলছে। এর সিক্যুয়াল নির্মাণেরও পরিকল্পনা আছে। তবে এখন দর্শকের কাক্সিক্ষত মাসুদ রানার কাজ নিয়েই মনোযোগ দিচ্ছি। সিনেমার কাজ আগেই শুরু করতে পারতাম, কিন্তু প্রধান চরিত্রে অভিনয় করতে যাওয়া রাসেল রানার জন্য আমি সময় নিয়েছি। তার ব্যাপারে অনেকেই বলেছিল মাসুদ রানার চরিত্রে মানাবে না। চরিত্রটির উপযোগী হতে শেষ ছয় মাস সে অসম্ভব পরিশ্রম করেছে। এখন তার লুক দেখে অনেকেই বলছে, তাকে মাসুদ রানা হিসেবে দারুণ লাগবে। এই সিনেমার পর পূজা চেরী, নিরব, সাঞ্জু জনসহ আরও কয়েকজন উঠতি তারকাকে নিয়ে শুরু করব ক্যাশ সিনেমাটি।’
রায়হান রাফি
করোনার মধ্যেই ‘দামাল’ নামে একটি নতুন ছবর শ্যুটিং করছেন রায়হান রাফি। এ ছাড়া আরও দুটি বড় বাজেটের নতুন ছবির কাজ মার্চ থেকে শুরু করার কথা। এই নির্মাতা বলেন, ‘করোনার এই দুঃসময় হয়তো দ্রুতই কেটে যাবে। আমি ২০২১ নিয়ে খুবই আশাবাদী। সব সময় বলেছি, সিনেমা বাঁচাতে ভালো সিনেমা নিয়মিত দরকার। করোনা হয়তো শাপে বর হবে। কারণ করোনার জন্য দুই-তিন বছরের সিনেমা জমে আছে। এ বছর পরিস্থিতি স্বাভাবিক হলে সেই সব ছবি একে একে দর্শকের সামনে আসবে। এতে করে হয়তো দর্শকের সিনেমা হলে যাওয়ার অভ্যাস তৈরি হবে।’ এ বছর এই নির্মাতার ‘পরান’ ও ‘দামাল’ সিনেমা দুটি মুক্তি পাবে। অর্ধেক কাজ বাকি ‘ইত্তেফাক’ ও ‘স্বপ্নবাজী’ সিনেমা দুটির।
আবু শাহেদ ইমন
এ বছরই নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজে হাত দেবেন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো পরিচালক আবু শাহেদ ইমন। তবে তিনি দুটি সিনেমা প্রযোজনা করেছেন। একটি জয়া আহসান অভিনীত পিপলু আর খানের নাম ঠিক না হওয়া সিনেমা। অন্যটি নূর ইমরান মিঠু পরিচালিত আফসানা মিমি, নুসরাত ফারিয়া, রওনক হাসান, অর্ষা অভিনীত ‘পাতালঘর’। ইমন বলেন, ‘করোনার মধ্যে নতুন সিনেমা মুক্তি না পেলেও অনেকে সিনেমা নির্মাণ করেছেন। এটা খুবই ভালো খবর। পরিস্থিতি ভালোর দিকে গেলে হয়তো সেই সিনেমাগুলো দিয়ে আমরা সিনেমার অবস্থার ইতিবাচক পরিবর্তন দেখব। আমি ওটিটি নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী। ওটিটি আমাদের সিনেমার গতি বৃদ্ধি করবে।’