কাপের মর্ম বোঝেন মরিনহো

কোচ হিসেবে ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি লিগ কাপ শিরোপা জিতেছেন হোসে মরিনহো। ইংলিশ ফুটবলে মরিনহো প্রথম শিরোপার স্বাদ নিয়েছিলেন এই লিগ কাপ জিতেই। মরিনহো বলেছেন, কাপের মর্ম তিনি বোঝেন। লিগ কাপে তার সাফল্যের রহস্য হলো টুর্নামেন্টটিকে সম্মান করা। ২০০৫ সালে চেলসিতে কোচ থাকতে প্রথম লিগ কাপ জিতেছিলেন মরিনহো। টটেনহ্যাম এবারের লিগ কাপ ফাইনালে উঠেছে চ্যাম্পিয়নশিপের দল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে। শিরোপা লড়াই হবে এপ্রিলে। টটেনহ্যামের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। মরিনহো লিগ কাপে তার সাফল্য নিয়ে বলেন, ‘২০০৪ সালে ইংল্যান্ডে আসার পরেই কাপের অর্থ ও মর্ম বুঝতে শিখেছি আমি। এরপর থেকেই এটা খুব সিরিয়াসলি নিয়েছি। হয়তো এটাই সাফল্যের কারণ। আমি ইংলিশ ফুটবল, ইংলিশ ক্লাব ও লোয়ার ডিভিশনকে সম্মান করি।’ ইংল্যান্ডের ফুটবলে তৃতীয় কোচ হিসেবে তিনটি ভিন্ন দলকে নিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছেন মরিনহো। দল তিনটি হলো চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম।