ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৫০) নামে এক খানকা শরিফের তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল উলায়া খানকা শরিফের প্রধান পরিচালক ও সেখানকার মসজিদের ইমাম। এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় মামলা করেছেন। জানা যায়, গত দুই মাস আগে আবুল উলায়া খানকা শরিফে এক প্রবাসীর স্ত্রী তার ৫ বছরের মেয়ের জন্য তাবিজ আনতে যান। এ সময় কৌশলে তাকে ধর্ষণ করেন সিরাজুল ইসলাম। পরে ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয়বিষয়টি কাউকে জানালে কিংবা অভিযোগ করলে তাকে ও তার মেয়েকে কুফরির মাধ্যমে বান মেরে হত্যা করা হবে। ভয়ে বিষয়টি গোপন রাখেন ওই নারী। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পায়। পরে বিষয়টি মীমাংসার জন্য নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে সালিশ বসায়। খবর পেয়ে নবীনগর পুলিশ গিয়ে অভিযুক্ত সিরাজুলকে আটক করে।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুলের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।