জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি গত ১২ বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই ভাষণে জণগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন ঘটেছে। এতে উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখাও প্রস্ফুটিত হয়েছে।’ জাতির উদ্দেশে দেওয়া গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে গতকাল শুক্রবার তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রধানমন্ত্রীর ভাষণ সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গত এক যুগে আর্থসামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র এই ভাষণে ফুটে উঠেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০০৮ সালে মাথাপিছু আয় ছিল মাত্র ৬২৫ ডলার, আর এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলার। দারিদ্র্যের হার এখন ৪১ দশমিক ৫ থেকে ২০ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ২২ থেকে ১১ শতাংশে হ্রাস পেয়েছে।
বিএনপি আমলে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র ৩ হাজার ৩০০ মেগাওয়াট জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রায় ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪২১ মেগাওয়াট। জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি করোনা ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে, তারা এর আগেও অপপ্রচার করেছে। করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাই সত্য, আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখাব।