পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনকে (৫০) চেয়ার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান মিয়ার বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক আহত ওই শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত শিক্ষক শামসুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানের ভাই হামিদ খান স্কুলের একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এ বিষয়ে বেশ কয়েকবার সভাপতিকে অবহিত করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। আজ (গতকাল) জুমার নামাজের পর বিদ্যালয়ে বসে উপবৃত্তির তালিকা তৈরি করছিলাম। সে সময় সভাপতি হান্নান এসে তার ভাইয়ের দখল করা স্কুলের কক্ষে কেন বিদ্যুতের লাইন দেওয়া হয়নি জানতে চান। একপর্যায়ে উত্তেজিত হয়ে কক্ষে থাকা চেয়ার দিয়ে আমাকে পেটানো শুরু করেন। এতে বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।’
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান বলেন, ‘জুমার নামাজের সময় স্কুলের মাঠে থাকা মসজিদের বালু রাখা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে মুসল্লিদের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি জানতে গেলে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে চেয়ার দিয়ে আমাকে মারধর করার চেষ্টা করেন। এ সময় আমরা দুজনই আহত হই।’
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।