কক্সবাজারের রামুতে এক লাখ পিস ইয়াবাসহ হাফেজ আহমদ (৩৫) নামের এক ইয়াবাকারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা তাকে এসব ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আটক হাফেজ আহমেদ বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে। তবে তার বর্তমানে বসবাস কক্সবাজার সদরের ঈদগাঁওতে এবং তিনি ওই সিএনজির চালক।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম জানান, শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। তা চলে সকালে সাড়ে নয়টা পর্যন্ত। তারপর ঈদগড় দিক আসা সিএনজিকে থামানো হয়। সেটি তল্লাশিকালে ইঞ্জিন বক্সের ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সিএনজি চালক হাফেজ আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।
তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ওই সড়ককে ইয়াবা পাচারে নতুন নতুন রুট হিসাবে বের করছে। এসব সড়ক চিহ্নিত করে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া এক লাখ ইয়াবা উদ্ধারে পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।