মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন, রাশিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশ আমাদের ভ্যাকসিন দিতে চাচ্ছে। আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনামূলে দেবে যেটা তারা আমেরিকা ও ইউরোপে দিচ্ছে। আমরা সেই ভ্যাকসিন করোনার সম্মুখযোদ্ধাদের মধ্যে বিতরণ করব। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় শুভ্র সেন্টারে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে। ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভ্যাকসিনের কোনো অভাব হবে না।’ সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সদর ও সাটুরিয়া উপজেলার ১ হাজার ৫শ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।