দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত বুধবার আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। 

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, জামিন আবেদনের শুনানিতে আমরা এর বিরোধিতা করি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। পাশাপাশি তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন। 

এই মামলায় দ্বিতীয়বারের মত প্রদীপ কুমার দাশের পক্ষে জামিন আবেদন নামঞ্জুর হল। এর আগে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর প্রথম দফায় জামিনের আবেদন খারিজ করেন আদালত। 

দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের এই মামলাটিতে তদন্ত প্রতিবেদন জমা এ নিয়ে চতুর্থবারের মতো পেছাল। 

রবিবার শুনানির সময় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গত ২৩ আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন। এ মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেয়া হয়।

দুদকের এই মামলায় প্রদীপ কুমার দাশ ও চুমকি কারণের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ওসি প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে অভিযোগ এনেছে দুদক। এ ছাড়া ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগ আনা হয়েছে চুমকির বিরুদ্ধে। প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলেও দুদকের অনুসন্ধান প্রতিবেদন এবং এজাহারে বলা হয়।