নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সব প্রার্থীর জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা ছিল। অথচ দেখা যাচ্ছে সরকারি দলের প্রার্থী নির্বাচনী প্রচারণায়  পুলিশ ও প্রশাসনিক সুবিধা পাচ্ছেন। প্রতিদিন ৩০/৩৫টি গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এটাকে কি লেভেল প্লেয়িং বলা যায়?

রবিবার দুপুরে নগরীর পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

নেতাকমীদের সঙ্গে নিয়ে আতুরার ডিপো নুর টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করে তুলা কোম্পানি, ঈদগাঁ মোড়, চালিতাতলী বাজার, বোর্ড অফিস, নেজামে হামচা, অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক, ওয়াজেদিয়া, হরিপুর, নয়াহাট, ফকিরাবাদ, কয়লারঘর, অক্সিজেন, পাঠানপুর,শহীদ নগর হয়ে বেলতল মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন। গণসংযোগ কালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সালাম বিনিময় এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের মানুষ সব সময় সংগ্রামী এবং প্রতিবাদী। তাই চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, অনিয়ম  দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং চট্টগ্রামের প্রতি যে অবহেলা তার জবাব দিতে ২৭ জানুয়ারি চট্টগ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতিকে  তাদের রায় দেবেন।

তিনি ভবিষ্যতে চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডে আরবান হেল্‌থ সেন্টারগুলো চালু করতে পারলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর কিছুটা হলেও চাপ কমতো। তাই আরবান হেল্‌থ সেন্টার, চাইল্ড কেয়ারগুলো বাড়ানোর পরিকল্পনা নিতে হবে। নির্বাচিত হলে একটি স্পেশালিস্ট হেলদি স্মার্ট সিটি গড়ে তোলার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

গণসংযোগ কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম ০৮ আসনের সাবেক বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির সদস্য এরশাদ উল্লাহ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন,মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, নগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সামছুল আলম, জি এম আইয়ুব খাঁন, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো: ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, প্রমুখ উপস্থিত ছিলেন।