আজ সারা দেশে সরকারি হাইস্কুলে ভর্তির লটারি

সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির লটারি হবে আজ সোমবার। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় এ লটারি হবে। অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ লটারি কার্যক্রম উদ্বোধন করবেন।

সারা দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। এসব বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ ছাড়া সব বিদ্যালয় এখনো অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি। এ কারণে এ বছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

এ সফটওয়্যার নিয়ন্ত্রণকারী কর্র্তৃপক্ষ ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে’র (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-১) মো. আমিনুল ইসলাম টুকু গতকাল রবিবার জানান, ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শূন্য আসন আছে ৭৭ হাজার ১৪০টি। আর এসব আসনে ভর্তির জন্য এবার অনলাইনে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি। অর্থাৎ প্রতি আসনে এবার ভর্তির জন্য লড়বে ৭.৫ জন শিক্ষার্থী। তিনি জানান, লটারির ফল আজই সংশ্লিষ্ট শিক্ষার্থীর মুঠোফোনে টেলিটকের নম্বরে এসএসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।

দুই দফায় গত ৭ জানুয়ারি পর্যন্ত এবার ভর্তির আবেদন টেলিটকের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়। প্রথম দফায় গত ১৫-২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন নেওয়া হয়েছিল। ৩০ ডিসেম্বর লটারির নির্ধারিত দিন ছিল। তবে নির্ধারিত শ্রেণিতে ভর্তির নির্ধারিত বয়সের চেয়ে কয়েক দিন কম হওয়ার কারণেও বিপুলসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করতে পারেনি। এরপর মুন্সীগঞ্জের এক শিক্ষার্থীর বাবা মিজানুর রহমানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৯ ডিসেম্বর ভর্তি আবেদনের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দেয়। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১ বছর বয়সের সময়সীমা নির্ধারণ করে দেওয়া শর্তটিও স্থগিত করে হাইকোর্ট। ফলে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বাধা কেটে যায়।

উচ্চ আদালতের এ আদেশের পর সেই দিনই ভর্তির লটারি স্থগিত ঘোষণা করে মাউশি। পরে আবেদনের সময় আরও সাত দিন বাড়িয়ে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত করা হয়। আজ লটারির মধ্য দিয়ে সেই আবেদনগুলোর নিষ্পত্তি হতে যাচ্ছে।