ঝালকাঠিতে বাবা-ভাইয়ের পর খুন আরেক ভাই

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাবা ও ভাইয়ের পর আরও এক ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বলতলা ছয়ঘর গ্রামের বাবুল হাওলাদারের বাড়ি থেকে মো. রুবেল হাওলাদার (৩২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। রুবেলের স্বজনদের দাবি, বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে বাবুল। নিহত রুবেল ওই গ্রামের প্রয়াত আ. বারেক খানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাবুল হাওলাদারের স্ত্রী খাদিজা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয়দের ভাষ্য, রুবেলরা পাঁচ ভাই ও তার বাবা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ছিল। এ নিয়ে এলাকাবাসী তাদের ওপর অতিষ্ঠ ছিল। ২০১১ সালে আ.বারেক ও ২০১৮ সালে তার মেজো ছেলে রাসেল দুর্বৃত্তদের হাতে খুন হয়। এ হত্যাকা- দুটির ঘটনায় মামলা হলেও জামিনে মুক্ত হয় আসামিরা। ধারণা করা হয়, হত্যাকান্ড তিনটি একই সূত্রে গাঁথা।

রুবেলের স্ত্রী রুবী আক্তার জানান, শনিবার রাত ৯টার দিকে বাবুল হাওলাদার আমার স্বামী রুবেলকে ফোন দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে লোক মারফত জানতে পারি রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি ও আমার আত্মীয়স্বজন বাবুলের বাড়িতে গিয়ে দেখি ঘরের একটি কক্ষে আমার স্বামীর লাশ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তখনও আমার স্বামীর শরীর থেকে রক্ত ঝরছিল। পরে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার স্বামীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) মুরাদ আলী জানান, নিহত রুবেলের বিরুদ্ধে কাঁঠালিয়া, পিরোজপুর ও ভা-ারিয়া থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা কয়েকজনকে আসামি করে রুবেলর মা লুৎফুন্নাহার বেগম একটি মামলা করেন।

এ ছাড়া কক্সবাজারের উখিয়ায় মো. ফোরকান প্রকাশ কালু (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে কোটবাজারের একটি ডেকোরেশনের দোকান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ফোরকান রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বশির আহমদের ছেলে। ঘটনার পর থেকেই ফোরকানের সহকর্মী এক রোহিঙ্গা কিশোর পলাতক রয়েছে। কালুর বাবা বশির আহমেদ বলেন, ‘কে বা কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে, আমি এখনো জানি না।’ উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দেশের চার জেলায় নবজাতক ও শিশুসহ চারজনের লাশ-কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে জয়পুরহাটে নিখোঁজ এক কিশোর, নারায়ণগঞ্জে নদীতে এক নবজাতকের বস্তাবন্দি লাশ, ভোলায় দাদার ঘরে এক শিশুর ঝুলন্ত লাশ ও মাদারীপুরে নিখোঁজের ১১ মাস পর কিশোরীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

জয়পুরহাটে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার : পাঁচবিবিতে সনাতন বর্মন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বাগজানা পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সনাতন বর্মনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার পর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোর। গতকাল সকালে বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জে নদীতে নবজাতকের বস্তাবন্দি লাশ : রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার এসআই রিগ্যান মোল্লা জানান, নোয়াপাড়া চৌধুরীঘাটে নদীতে নবজাতকের বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুরে নিখোঁজের ১১ মাস পর কিশোরীর কঙ্কাল উদ্ধার : কালকিনিতে নিখোঁজের ১১ মাস পর সেপটিক ট্যাংক থেকে মুর্শিদা আক্তার (১৬) নামে এক কিশোরীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব বোতলা গ্রামের কথিত প্রেমিক সাহাবুদ্দিন আকনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বোতলা গ্রামের দশম শ্রেণি পড়ুয়া মুর্শিদার সঙ্গে একই গ্রামের মজিদ আকনের ছেলে সাহাবুদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ফেব্রুয়ারিতে নিখোঁজ হয় মুর্শিদা। ওই ঘটনায় সাহাবুদ্দিনকে আসামি করে থানায় একটি মামলাও হয়। এতদিন ধরে পলাতক ছিল সে। গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে হত্যাকান্ডের কথা স্বীকার করে সাহাবুদ্দিন। পরে তার দেওয়া তথ্যমতে শনিবার সন্ধ্যায় তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মুর্শিদার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভোলায় দাদার ঘরে শিশুর ঝুলন্ত লাশ : সদর উপজেলায় দাদার ঘর থেকে জান্নাত (১২) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নে তার দাদার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই জান্নাতের দাদা-দাদি পলাতক রয়েছে। জান্নাত ওই এলাকার মোসলে উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। 

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, বিষটি তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।