সাংবাদিকদের মেয়র তাপস

ব্যক্তিগত আক্রোশের জবাব দেওয়াটা সমীচীন মনে করি না

দায়িত্বশীল পদে থেকে ‘ব্যক্তিগত আক্রোশের’ জবাব দেওয়াটা সমীচীন মনে করি না এ মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, ‘কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ উৎকোচ গ্রহণ করে, যদি কেউ ঘুষ গ্রহণ করে, যদি কেউ কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন-বাণিজ্য করে, যদি কেউ সরকারি অর্থ আত্মসাৎ করে, বিল দেওয়ার জন্য কমিশন-বাণিজ্য করে, সরকারি প্রভাব কাজে লাগিয়ে কাউকে জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নিয়ে থাকে বা অর্থ আত্মসাৎ করে থাকে, সে ক্ষেত্রে দুর্নীতি হয়। যে অভিযোগ আনা হয়েছে, এটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না।’

মেয়র পদে থাকার যোগ্যতা হারানোর অভিযোগের জবাবে মেয়র তাপস বলেন, ‘এটা ওনার ব্যক্তিগত অভিমত। এটার কোনো গুরুত্ব বহন করে না।’