কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসেনের গণসংযোগে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার দুপুরে পৌরসভার ছায়কোট এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন অভিযোগ করে বলেন, দুপুরে ছায়কোট এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগ করছিলেন। এ সময় এমপির ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সির নির্দেশে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। সন্ত্রাসীরা তাদের ওপর দফায় দফায় হামলা চালায়। এতে তিনিসহ ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আটজন গুরুতর আহত হয়েছেন। তাদের চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়েছে।
হামলার পর আহত নেতাকর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে গেলে সেখানেও সন্ত্রাসীরা তাদের বাধা দিয়েছে। ঘটনার পর পুলিশ এসে তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটুর মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি এসব অভিযোগ অস্বীকার করেন।
চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।