ফেনীতে মিথ্যা মামলা করার দায়ে ২ জনের কারাদণ্ড

ফেনীতে অন্যকে ফাঁসাতে মিথ্যা মামলায় হয়রানি করার দায়ে এক নারীসহ দুই জনকে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– সোনাগাজী উপজেলার রুপালী বেগম ও ফেনী শহরের মাস্টারপাড়া এলাকার করিম উল্লাহ হাজারী।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী আলাউদ্দিনের বিরুদ্ধে একটি যৌতুক মামলা করেন রুপালী বেগম। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের পর আলাউদ্দিনকে খালাস দিয়ে তাকে কেন মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে জানতে চেয়ে স্ত্রীকে কারণ দর্শানোর নোটিস দেয় আদালত।

জবাবে নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান রুপালী। এ ঘটনায় হয়রানিমূলক মিথ্যা মামলার দায়ে তাকে ৪ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন বিচারক।

অপরদিকে ২০১৫ সালে প্রতিবেশী সুমনকে ফাঁসাতে ২০১৫ সালে ফেনী মডেল থানায় একটি মামলা করেন করিম উল্লাহ। তদন্ত শেষে পুরো মামলাটি মিথ্যা ও বানোয়াট মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ ঘটনায় করিম উল্লাহকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।