নরসিংদীতে ইউনিয়ন পরিষদের সামনে বিক্রয়কর্মী তরুণকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন পানচাষি তরুণ। মাদারীপুরে গাছ থেকে নামানো হয়েছে তরুণের হাত বাঁধা মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর :
নরসিংদী : কৃষিপণ্য বিপণন কোম্পানির তরুণ বিক্রয়কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত নাইমুর রহমান নাটোরের বড়াইগ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সেঞ্চুরী এগ্রো লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, রহস্য উদঘাটন করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
কক্সবাজার : মহেশখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল গফুর (৩০) নামে এক পানচাষি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শত শত মানুষের সামনে একটি দোকানে চা পানরত অবস্থায় প্রতিপক্ষ দা ও ছুরি নিয়ে গফুরের ওপর হামলা চালায়। এ সময় তিনি দৌড় দিলে প্রতিপক্ষ তার পিছু ধাওয়া করে কোপায়। পরে বেলা ৩টার দিকে হাসপাতালে মারা যান তিনি। গফুর বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের বাবা দাবি করেন, একই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ কয়েকজন প্রকাশ্যে দা-ছুরি নিয়ে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে। হামলাকারীদের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। গত শুক্রবার হাটের দিন পান পরিবহনের টাকা নিয়ে ইউছুফ জালালের এক ভগ্নিপতির সঙ্গে গফুরের হাতাহাতি হয়।
মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাদারীপুর : হাত বাঁধা অবস্থায় সোলাইমান সরদার (৩৫) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের সিকিম আলী সরদারের ছেলে। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মা হালিমন বেগম।