উৎপাদন বন্ধ আজিজ পাইপসে

পিভিসি রেজিনের দাম বৃদ্ধিতে আজিজ পাইপস তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। আজিজ পাইপসের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়েছে, কাঁচামাল সংকটে তারা গত রবিবার থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে। কাঁচামালের দাম কমলে আবার উৎপাদন শুরু হবে। আজিজ পাইপস ইউপিভিসি পাইপ, ইউপিভিসি দরজা ও ইউপিভিসি জানালা তৈরি করে থাকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারীর কারণে প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল পিভিসির সরবরাহ সময়মতো আসেনি, আবার তাদের নিজেদের কাছেও মজুদ নেই। কিন্তু বাংলাদেশে এই পণ্যের দাম বেড়ে গেছে। ফলে  বেশি দামে এই পণ্য কিনে বিক্রি করা যাচ্ছে না।

পুঁজিবাজারে গতকাল আজিজ পাইপসের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। রবিবারের মতোই ডিএসইতে এ শেয়ার ৯৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছিল।

আজিজ পাইপসের বাজার মূলধন ৫২ কোটি ১৩ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি ৩৫ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ঋণাত্মক ২৩ কোটি ৬২ লাখ টাকা।