পীরগঞ্জে চাল চুরির মামলা

সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ সভাপতি গ্রেপ্তার

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কলোবাজারে বিক্রির অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার সকালে ইউনিয়নের চাতাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ২০২০ সালের ৯ এপ্রিল ভেন্ডাবাড়ি থেকে গাইবান্ধার সাদুল্লাহপুরে পাচারের সময় গুঞ্জিপাড়া নামক স্থান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর আটক করে পুলিশ। ট্রাক্টরচালক ইসমাইল, হেল্পার রিয়াদ ও লেবার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার হোতা হিসেবে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস কুমার সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, চাল চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।