রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী আনুশকার ক্ষেত্রে যেটি ঘটেছে তাকে ‘পূর্ণাঙ্গ ক্রাইম’ হিসেবে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, সেখানে যা ঘটেছে, তা হত্যা ও ধর্ষণ। অপরাধ ও আইনের সংস্পর্শে আসা কিশোরদের নিয়ে কথা বলতে গিয়ে বেনজীর আহমেদ পুলিশের সীমাবদ্ধতা ও আইনের বাধ্যবাধকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহের শেষ দিনে গতকাল সোমবার সকালে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন। আইজিপি বলেন, আঠারো বছরের কম বয়সীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আইনের ভিন্ন ভাষ্য রয়েছে। শুধু আইনি পদক্ষেপ বা পুলিশি ব্যবস্থা গ্রহণ করে এর সমাধান সহজ নয়। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, কিশোরদের বিপথগামী হতে দেওয়া যাবে না। আমাদের একটি প্রজন্ম নষ্ট হয়ে যাবে তা আমরা চাই না। আর এ জন্য দায়িত্ব নিতে হবে পিতা-মাতা, পরিবার ও সমাজকে। পিতা-মাতাকে তাদের সন্তানের খোঁজখবর রাখতে হবে। তাদের মধ্যে নীতি, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মকে ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্সের শহীদ লে. কর্নেল আজাদ মিলনায়তনে অয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের ১০ হাজার, জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া অসহায় পরিবারের প্রায় দুই হাজার শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি থাকবে সারা বছরের খাতা, কলম ও অন্যান্য শিক্ষাসামগ্রী।